পাহাড়ে উন্নয়ন কর্মকান্ডে কোনো ধরনের বৈষম্য হতে দেওয়া হবে না- দীপেন দেওয়ান
![]()
নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে মন্ত্রীত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ সংসদীয় আসন পার্বত্য জেলা রাঙামাটিতে ফিরেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়াির) দুপুরে তিনি রাঙামাটি সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহাম্মদ রকিব উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছায় মন্ত্রীকে বরণ করেন।
এর আগে মানিকছড়ি এলাকা থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে দলীয় নেতাকর্মীরা তাকে রাঙামাটিতে নিয়ে আসেন। শহরের বিভিন্ন সড়কে নেতাকর্মীদের উপস্থিতি ও শোভাযাত্রাকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন মন্ত্রী।
সার্কিট হাউসে পৌঁছানোর পর তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, “আমি যেসব উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেসব অবশ্যই পূরণ করব। তিন পার্বত্য জেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দৃশ্যমান কর্মকাণ্ড জনগণ শিগগিরই দেখতে পাবে।”
মন্ত্রী আরও বলেন, “পাহাড়ে উন্নয়নে কোনো ধরনের বৈষম্য হতে দেওয়া হবে না। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ সকল খাতে সামগ্রিক উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।” তিনি জানান, পার্বত্য চট্টগ্রামকে ঘিরে ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার বাস্তবায়নে দৃশ্যমান পরিবর্তন আসবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা এখন জনগণের সেবক। প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নির্দেশনা অনুযায়ী বিএনপির সকল নেতাকর্মীর লক্ষ্য হবে মানুষের সেবা করা এবং উন্নয়নের সুফল তৃণমূলে পৌঁছে দেওয়া।”
মন্ত্রী দীপেন দেওয়ানের এ সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন দায়িত্ব গ্রহণের পর তার এই প্রথম সফর পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।