২২৮ তালেবান সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের, আহত ৩ শতাধিক
![]()
নিউজ ডেস্ক
পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, আফগানিস্তানে হামলায় ২২৮ তালেবান সদস্য নিহত ও ৩১৪ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘অপারেশন গজব লিল–হক’-এ ৭৪টি তালেবান কমান্ড পোস্ট ধ্বংস ও ১৮ জনকে আটক করা হয়েছে।
এর আগে সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি ১৩৩ তালেবান যোদ্ধা নিহত ও ২০০ জনের বেশি আহত হওয়ার দাবি করেছিলেন।
এদিকে পাকিস্তান জানিয়েছে, তালেবানের হামলায় দেশটিতে ২৭ জন আহত হয়েছে। অন্যদিকে, তালেবান সরকার জানিয়েছে, তাদের আটজন যোদ্ধা নিহত ও ১১ জন আহত হয়েছে।
এছাড়া পাকিস্তানে হামলায় ৫৫ সেনা নিহত হওয়ার দাবি করেছে তালেবান সরকার। আফগানিস্তানের সরকার বলেছে, গত বুধবার তারা ডুরাল্ড লাইন (আফগান–পাকিস্তান সীমান্ত) বরাবর পাকিস্তানি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। ওই হামলায় ৫৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।
কয়েক মাসের উত্তেজনার পর ফের সংঘাতে জড়িয়ে পড়েছে প্রতিবেশী দুই মুসলিমপ্রধান দেশ আফগানিস্তান ও পাকিস্তান। গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তানি বাহিনী।
এতে ১৩ বেসামরিক মানুষ নিহত হন বলে জানায় আফগানিস্তানে জাতিসংঘের মিশন। তবে ইসলামাবাদের দাবি, ওই হামলায় ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। আর ১৮ জন নিহত হওয়ার খবর জানায় কাবুল।
জবাবে গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে দেশটির সামরিক বাহিনীর অবস্থানে হামলা চালায়। এতে দুই সেনা নিহত হওয়ার খবর জানায় ইসলামাবাদ।
এর পরপর গত রাতে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহার শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। এরপর দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করে সামাজিকমাধ্যম এক্সে পোস্ট দেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।