শিলংয়ে সন্দেহভাজন মেনিনজোকক্কাল সংক্রমণ: দুই অগ্নিবীরের মৃত্যু, মেঘালয়ে সতর্কতা জারি
![]()
নিউজ ডেস্ক
ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে সন্দেহভাজন মেনিনজোকক্কাল সংক্রমণের ঘটনা সামনে এসেছে। এতে দুইজন অগ্নিবীর প্রশিক্ষণার্থীর মৃত্যু হয়েছে বলে শুক্রবার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
পরিস্থিতি মোকাবেলায় জনস্বাস্থ্য সতর্কতা জারি করেছে মেঘালয় সরকার। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তকরণ (কনট্যাক্ট ট্রেসিং), পৃথকীকরণ এবং সংশ্লিষ্ট এলাকায় জীবাণুনাশক স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। ঝুঁকিপূর্ণ বিবেচিত শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটিগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। তবে কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কের কোনো কারণ নেই।
বৃহস্পতিবার এক বিবৃতিতে Meghalaya Health and Family Welfare Department জানায়, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে স্টেট সার্ভেইলেন্স ইউনিটকে সক্রিয় করা হয় এবং একটি পূর্ণাঙ্গ মহামারিবিদ্যাগত তদন্ত শুরু হয়েছে। কমিশনার ও সচিব জোরাম বেদা জানান, ইস্ট খাসি হিলস জেলার ডিস্ট্রিক্ট সার্ভেইলেন্স ইউনিট রাজ্য টিমের সঙ্গে সমন্বয় করে কেস তদন্ত, ল্যাবরেটরি পর্যালোচনা, সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তকরণ এবং রোগ পর্যবেক্ষণ জোরদার করছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ওই প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে নতুন কোনো সংক্রমণ শনাক্ত হয়নি এবং প্রাদুর্ভাব মোকাবেলার প্রচলিত প্রটোকল অনুসরণ করা হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ অসুস্থ বোধ করলে বা জনসমাগমে গেলে মাস্ক পরা, কাশি-হাঁচির সময় মুখ ঢেকে রাখা, ভিড় এড়িয়ে চলা, নিয়মিত হাত ধোয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ দিয়েছে।
হঠাৎ উচ্চ জ্বর, তীব্র মাথাব্যথা, বমি, ত্বকে বেগুনি দাগ, হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া বা শকের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে জরুরি সহায়তার জন্য ১৪৪১০ হেল্পলাইন নম্বর চালুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।