পাকিস্তানে ইরানপন্থিদের প্রবল বিক্ষোভ: গুলি, ২৩ জনের মৃত্যু
![]()
নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রভাব পড়েছে পাকিস্তানে। পাকিস্তানের বিভিন্ন শহরে প্রবল ও সহিংস বিক্ষোভ দেখিয়েছেন ইরানপন্থিরা। বিক্ষোভকারীরা মার্কিন কনসুলেটে প্রবল বিক্ষোভ দেখিয়েছেন এবং ভিতরে ঢোকার চেষ্টা করেছেন বলে অভিযোগ। তাদের নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা রক্ষীরা কাঁদানে গ্যাস ব্যবহার করে এবং গুলি চালায়।
করাচিতে উত্তেজিত বিক্ষোভকারীরা নিরাপত্তা বেষ্টনী ভেদ করে দূতাবাসের বাইরের দেওয়ালের কাছে পৌঁছে গেলে তাদের ছত্রভঙ্গ করা হয় বলে স্থানীয় সরকারি মুখপাত্র সুখদেব আসরদাস হেমনানি জানিয়েছেন। বিক্ষোভকারীরা কনসুলেটের প্রধান গেটের সামনে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। কনসুলেটের নিরাপত্তা রক্ষীরা গুলি চালায়। পুলিশের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষ হয়। করাচিতে মোট ১০ জনের মৃত্যুর খবর এসেছে। স্কার্দুতে মারা গেছেন ১১ জন এবং ইসলামাবাদে দুই জন।

হেমনানি জানিয়েছেন, দূতাবাসের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তারা নিরাপদে আছেন।
মার্কিন দূতাবাসের তরফ থেকে এক্স-এ পোস্ট করে বলা হয়েছে, তারা বিক্ষোভের উপর নজর রাখছেন। মার্কিন নাগরিকদের নিরাপত্তা রীতি মেনে চলতে বলা হয়েছে।
স্কার্দুতে জাতিসংঘের একটি ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। সরকারি মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, জাতিসংঘের অফিসের বাইরে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেন এবং তারা বাড়ি পুড়িয়ে দেন।
পাকিস্তানের অন্য জায়গাতেও বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।