ইরান যুদ্ধের মধ্যে রুশ তেল আমদানিতে ভারতকে ছাড় দিল যুক্তরাষ্ট্র
![]()
নিউজ ডেস্ক
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে বিশ্ব তেলের বাজারে ভারসাম্য বজায় রাখতে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র প্রশাসন। এর অংশ হিসেবে ভারতের তেল শোধনাগারগুলোকে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার জন্য ৩০ দিনের সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ।
শুক্রবার (৬ মার্চ) যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সেক্রেটারি স্কট বেসেন্ট এই ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
তিনি জানান, ইরানের পক্ষ থেকে বিশ্ব জ্বালানি বাজারকে ‘জিম্মি করার অপচেষ্টা’ রুখতেই এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে ট্রেজারি সেক্রেটারি স্পষ্ট করে বলেছেন, এই ছাড় রাশিয়ার জন্য দীর্ঘমেয়াদি কোনো অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে না। এটি একটি সচেতনভাবে নেওয়া অত্যন্ত স্বল্পমেয়াদি ব্যবস্থা। এটি শুধু ইতোমধ্যেই সমুদ্রে জাহাজে বোঝাই অবস্থায় আটকা পড়া তেলের লেনদেনের জন্য প্রযোজ্য হবে।
দ্য গার্ডিয়ান বলছে, মূলত সরবরাহে বিঘ্ন ঘটার কারণে সমুদ্রে ভাসমান ভারতীয় মালিকানাধীন বা ভারতের উদ্দেশ্যে রওনা হওয়া রুশ তেল খালাসের পথ প্রশস্ত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে জানান, প্রয়োজনে আমেরিকান নৌবাহিনী রণতরি ব্যবহার করে বাণিজ্যিক ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা দিয়ে হরমুজ প্রণালি পার করে দেবে। বৈশ্বিক জ্বালানি প্রবাহ সচল রাখতে যুক্তরাষ্ট্র সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানিয়েছেন তিনি।
তথ্য বিশ্লেষণকারী সংস্থা কেপলারের তথ্যমতে, বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। তবে এর ওপর এশীয় দেশগুলোর নির্ভরশীলতা অনেক বেশি। যেখানে আমেরিকা মহাদেশের দেশগুলো এই পথের ওপর মাত্র ১২ দশমিক ৫ শতাংশ নির্ভরশীল, সেখানে চীনের আমদানিকৃত তেলের প্রায় ৪৫ দশমিক ৭ শতাংশ আসে এই পথ দিয়ে। ভারতের ক্ষেত্রেও এই হার অত্যন্ত তাৎপর্যপূর্ণ হওয়ায় যুক্তরাষ্ট্রের দেওয়া এই ছাড় ভারতীয় অর্থনীতির জন্য একটি বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।