খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ-জেএসএসের মধ্যে গোলাগুলি, ইউপিডিএফ সন্ত্রাসী নিহত
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে পাহাড়ের দুই আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)–এর সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইউপিডিএফের এক সন্ত্রাসী নিহত এবং অন্তত দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ শনিবার (৭ মার্চ) দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিট থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত পানছড়ি উপজেলার ৪ নং লতিবান ইউনিয়নের গঙ্গাপাড়া ও বরকোনা এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
সূত্র বলছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ ও জেএসএস–এর সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে ইউপিডিএফের পানছড়ি সশস্ত্র গ্রুপ কমান্ডার শংকর চাকমা ও রুপায়ন চাকমার নেতৃত্বে প্রায় ৩০–৪০ জন এবং জেএসএসের সশস্ত্র কোম্পানি কমান্ডার সমাজপ্রিয় চাকমার নেতৃত্বে প্রায় ২৫–৩০ জন সদস্য অংশ নেয়।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে আনুমানিক ১১০ থেকে ১২০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে বলে জানা গেছে।
সূত্র জানায়, গোলাগুলির ঘটনায় ইউপিডিএফের একজন সন্ত্রাসী নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। তবে নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
পানছড়ি থানার ওসি গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করলেও হতাহতের বিষয়টি নিয়ে কোন সঠিক তথ্য দিতে পারেন নি।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার ও সংগঠনগত দ্বন্দ্বকে কেন্দ্র করে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর মধ্যে মাঝেমধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। এতে প্রায়ই প্রাণহানি ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।