চাঁদাবাজির খবর যেন না শুনি: নেতা-কর্মীদের সালাহউদ্দিন
![]()
নিউজ ডেস্ক
দলের নেতা-কর্মীদের সুশৃঙ্খলভাবে চলার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষের সঙ্গে কেউ কোনো ধরনের অনাচার করতে পারবেন না। কোনো উচ্ছৃঙ্খলতা বা চাঁদাবাজির খবর যেন না শুনি। সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।
রোববার (৮ মার্চ) রাতে কক্সবাজারের চকরিয়া পৌরসভার সড়ক ও জনপদ বিভাগের ডাকবাংলোয় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর রোববার দুপুরে প্রথমবারের মতো নিজের নির্বাচনী এলাকায় যান সালাহউদ্দিন আহমদ। রাত পৌনে ১০টার দিকে চকরিয়া পৌরসভার সড়ক ও জনপদ বিভাগের ডাকবাংলোয় অবস্থানকালে তার সঙ্গে দেখা করতে আসা স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে এমন সুশাসন প্রতিষ্ঠা করতে হবে যাতে মানুষ মনে করে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে তারা শান্তিতে থাকতে পারছে। মানুষ উন্নয়ন পাবে, শৃঙ্খলা পাবে এবং শান্তি পাবে। সবাইকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে এবং প্রশাসনকে সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে নেতা-কর্মীরা পরামর্শ দেবেন, বাকি বিষয়গুলো তিনি দেখবেন।
চকরিয়ায় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে রাত সাড়ে ১০টার দিকে নিজের গ্রামের বাড়ি পেকুয়ার সিকদারপাড়ায় যান সালাহউদ্দিন আহমদ। সেখানে তিনি তার মা-বাবার কবর জিয়ারত করেন।
সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বিকেল ৩টার ফ্লাইটে তিনি ঢাকা ফিরবেন বলে জানা গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।