ভারতের রিলায়েন্সের সহায়তায় মার্কিন মাটিতে হচ্ছে তেল শোধনাগার
![]()
নিউজ ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ৫০ বছরের মধ্যে মার্কিন মাটিতে প্রথম তেল শোধনাগার তৈরি হচ্ছে। তিনি জানিয়েছেন, এই প্রকল্পে যুক্তরাষ্ট্রের অংশীদার হচ্ছে ভারত। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিনিয়োগে এটি সম্ভব হচ্ছে।
ট্রাম্প তার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, এটি ৩০০ বিলিয়ন ডলারের ঐতিহাসিক চুক্তি। তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে এই বিশাল বিনিয়োগের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
নতুন শোধনাগারটি টেক্সাসের ব্রাউনসভিল বন্দরের পাশে নির্মাণ করা হচ্ছে। ট্রাম্প বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা শক্তিশালী করবে, জ্বালানি উৎপাদন বাড়াবে, অর্থনীতিতে বহু বিলিয়ন ডলারের প্রভাব ফেলবে এবং বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন শোধনাগার হবে।
এই শোধনাগারের উদ্বোধন এমন সময়ে হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং মার্কিন-ইজরায়েল-ইরান সংঘাতের কারণে তেলের দাম ওঠানামা করছে। সোমবার (৯ মার্চ) কাঁচা তেলের দাম প্রায় ১২০ ডলার প্রতি ব্যারেল ছুঁয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকালে মার্কিন ক্রুড তেলের দাম বেড়ে হয়েছে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৭১ ডলার, যা ১ দশমিক ১৫ শতাংশ বৃদ্ধি। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৮৮ দশমিক ৯৮ ডলার, ১ দশমিক ৩৩ শতাংশ বৃদ্ধি।
শোধনাগারটি ১ দশমিক ২ বিলিয়ন ব্যারেল মার্কিন লাইট শেল অয়েল প্রক্রিয়াজাত করবে, যার মূল্য ১২৫ বিলিয়ন ডলার। এটি ৫০ বিলিয়ন গ্যালন প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন করবে, যার মূল্য ১৭৫ বিলিয়ন ডলার।
আমেরিকা ফার্স্ট রিফাইনিংয়ের প্রেসিডেন্ট ট্রে গ্রিগস বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে লাইট শেল অয়েলের প্রাচুর্য থাকলেও প্রক্রিয়াজাত করার ক্ষমতা কম। এই শোধনাগার দেশীয় জ্বালানি সরবরাহ চেইনকে আরও শক্তিশালী করবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।