শাহ আরেফিন টিলায় অভিযান, পাথরসহ ৪১ ট্রাক্টর জব্দ, আটক ছয়

শাহ আরেফিন টিলায় অভিযান, পাথরসহ ৪১ ট্রাক্টর জব্দ, আটক ছয়

শাহ আরেফিন টিলায় অভিযান, পাথরসহ ৪১ ট্রাক্টর জব্দ, আটক ছয়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা এলাকায় টাস্কফোর্সের এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পাথর, বালু এবং ৪১টি মাহিন্দ্রা ট্রাক্টর জব্দ করা হয়েছে। এ সময় অবৈধ পাথর উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় জনকে আটক করেছে প্রশাসন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে এই অভিযান শুরু হয়।

সিলেট ৪৮ বিজিবি জানায়, গত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে গোপন খবরে শাহ আরেফিন টিলা এলাকায় অভিযান চালায় তারা।

বিজিবির কাছে তথ্য ছিল, সীমান্তের কাছাকাছি এলাকায় একটি চক্র অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করছে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির বিভিন্ন বিওপির সদস্যরা একযোগে অভিযান পরিচালনা করেন। অভিযানের প্রাথমিক পর্যায়ে ৩৪টি ট্রাক্টর, প্রায় সাত হাজার ঘনফুট পাথর এবং ২৩০ ঘনফুট বালু জব্দ করা হয়।

পরে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান আরও জোরদার করেন। দ্বিতীয় পর্যায়ের এই অভিযানে আরও ট্রাক্টর জব্দ করা হয়। সব মিলিয়ে মোট ৪১টি মাহিন্দ্রা ট্রাক্টর জব্দ এবং ছয় জনকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানিয়েছে, জব্দ করা ট্রাক্টর ও আটকদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।