ওসমান হাদির খুনিদের ফেরত পাঠাবে ভারত
![]()
নিউজ ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে ঢাকা। জবাবে ভারত সরকার শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেফতারের খবর নিশ্চিত করেছে এবং দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে ঐকমত্য পোষণ করেছে।
বুধবার (৮ এপ্রিল) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে পৃথক বৈঠকে বসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
এসব বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল দিল্লিতে পৌঁছানোর পরপরই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধিদল।
বৈঠকে ড. খলিলুর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত বিএনপি সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে। পারস্পরিক আস্থা, সম্মান এবং উভয় দেশের লাভের ভিত্তিতেই এই পররাষ্ট্রনীতি পরিচালিত হবে।
আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল পলাতক আসামিদের প্রত্যর্পণ ইস্যু। ড. রহমান শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেফতার করায় ভারত সরকারকে ধন্যবাদ জানান। উভয় পক্ষ একমত হন যে, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। একইসঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের পক্ষ থেকে জোরালো দাবি তোলা হয়।
এদিকে, বাংলাদেশি নাগরিকদের জন্য দীর্ঘদিনের ভিসা জটিলতা নিরসনে ইতিবাচক আশ্বাস দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশি নাগরিকদের জন্য, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা প্রদানের প্রক্রিয়া আরও সহজ করা হবে।
জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতার বিষয়ে ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে আলোচনা করেন ড. রহমান। সম্প্রতি বাংলাদেশে ডিজেল সরবরাহের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়ে এর পরিমাণ এবং সার সরবরাহের কোটা বাড়ানোর অনুরোধ করেন তিনি। জবাবে মন্ত্রী হারদীপ পুরি জানান, ভারত সরকার বিষয়টি অত্যন্ত ইতিবাচকভাবে বিবেচনা করবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।