রাঙামাটির বাঘাইছড়িতে ভোজ্য তেলের মজুত ও চোরাচালান ঠেকাতে বিজিবির তৎপরতা জোরদার
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়িতে ভোজ্য তেলের অবৈধ মজুত ও চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপরতা আরও জোরদার করেছে।
বৃহস্পতিবার উপজেলার সাজেকে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় তল্লাশি কার্যক্রম ও টহল তৎপরতা বাড়ানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বিশেষ করে ব্যাটালিয়ন গেইটে প্রবেশ ও বহির্গমনকারী যানবাহনে কঠোর তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন, “দেশে ভোজ্য তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট চক্র কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এর ফলে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।”
তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় ভোজ্য তেলের অবৈধ মজুত ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত তল্লাশি কার্যক্রম এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুত প্রতিরোধে দৃঢ় অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় ভোজ্য তেলের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।”
প্রসঙ্গত, বিজিবির এই পদক্ষেপের মাধ্যমে ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত এবং অবৈধ ব্যবসায়িক কার্যক্রম দমন করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।