বান্দরবানে সাংগ্রাই উৎসব উদযাপন স্থগিত করল পুরাতন কমিটি
![]()
নিউজ ডেস্ক
সমাজের বৃহত্তর স্বার্থ, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে বান্দরবানে সাংগ্রাই উৎসবের নির্ধারিত আয়োজন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে উৎসব উদযাপন (পুরাতন) কমিটি।
সাংগ্রাই উৎসব উদযাপন পরিষদের সভাপতি চনু মং মার্মা গতকাল রবিবার (১২ এপ্রিল) বিকেল এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, আগামী ১৩ ও ১৫ এপ্রিল নির্ধারিত কর্মসূচি আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় পরিষদের সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, সমাজ ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরবর্তী যেকোনো সময় উৎসবটি উদযাপন করা হবে। এই সিদ্ধান্ত কোনোভাবেই সাংস্কৃতিক চর্চার প্রতি অনাগ্রহের প্রতিফলন নয় বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি সকলের সহযোগিতা, সহমর্মিতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি কামনা করেন।
এর আগে, বর্ষবরণ উপলক্ষে ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব উদযাপন নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানো হয়েছিল। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দুইটি পৃথক স্থানে উৎসব আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। গত শুক্রবার (১০ এপ্রিল) গৃহীত ওই সিদ্ধান্ত অনুযায়ী, নতুন কমিটি রাজার মাঠে এবং পুরাতন কমিটি উজানীপাড়া সাঙ্গু নদীর চরে উৎসব আয়োজনের কথা ছিল।
উৎসবকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল। নতুন পোশাক কেনা, মন্দির ও ঘরবাড়ি সাজানোসহ নানা আয়োজনে ব্যস্ত সময় পার করছিলেন স্থানীয়রা।
উল্লেখ্য, পাহাড়ের অন্যতম বর্ণিল বর্ষবরণ উৎসব সাংগ্রাইয়ে চন্দন পানিতে বৌদ্ধমূর্তি স্নান, বয়স্ক পূজা, পিঠা-পাচন প্রস্তুত, জলকেলি, ঘিলা খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকে। বান্দরবানে ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বাঙালিদের অংশগ্রহণে উৎসবটি প্রতি বছর বহুমাত্রিক ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়ে থাকে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।