পার্বত্য অঞ্চলের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নে সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের ভূমি সমস্যার সমাধান এবং স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বান্দরবানের সুয়ালক এলাকায় ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নে ভূমি সমস্যার সমাধান একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ সমস্যার পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, শিক্ষা বিস্তার, চিকিৎসা সেবা, নিরাপদ পানি সরবরাহ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, অতীতেও পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছিল এবং বর্তমান সরকার সেই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাচ্ছে।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এছাড়া তিনি স্থানীয় মারমা সম্প্রদায়ের একটি জনকল্যাণমূলক উৎসবে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহমদ, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. আবদুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ভূমি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক সেবার সম্প্রসারণকে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বাস্তবায়ন করে যাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।