লংগদুতে বিজিবির অভিযানে ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় ইয়াবাসহ ছাত্রদলের এক নেতাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুলশাখালী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন গুলশাখালী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শামীম এবং স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী মোরশেদ। এ সময় তাদের কাছ থেকে এক পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শামীমের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট নানা অভিযোগ রয়েছে। একই সঙ্গে মোরশেদের ফার্মেসিকে কেন্দ্র করে মাদক লেনদেনের কথাও এলাকাবাসীর মধ্যে প্রচলিত ছিল।
অভিযোগ রয়েছে, দোকানের সিসিটিভি ক্যামেরা আড়াল করে সেখানে গোপনে মাদক বেচাকেনা চলতো।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া জানান, বিজিবির মাধ্যমে আটক দুইজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় বিএনপি নেতাদের দাবি, আটক শামীম ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্বে থাকলেও তার বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অভিযোগ ছিল।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।