ঝড়ের ক্ষতিতে কৃষকের পাশে আনসার-ভিডিপি, পানিতে ডোবা ধান কাটছে স্বেচ্ছাশ্রমে
![]()
নিউজ ডেস্ক
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পাহাড়ি কৃষকদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছোট মেরুং (সোবাহানপুর) এলাকায় পানিতে তলিয়ে যাওয়া ধান কেটে দিয়ে কৃষকদের ক্ষতি কমাতে কাজ করছে আনসার ও ভিডিপি সদস্যরা।
জানা যায়, গত ২৮ এপ্রিল ঘূর্ণিঝড় ও টানা বৃষ্টির প্রভাবে প্রবল পানির তোড়ে প্রায় ৫০ একর জমির পাকা ধান পানির নিচে তলিয়ে যায়। একই সঙ্গে এলাকায় কৃষি শ্রমিকের সংকট দেখা দিলে চরম বিপাকে পড়েন স্থানীয় কৃষকরা। এতে তাদের কষ্টার্জিত ফসল হারানোর আশঙ্কা তৈরি হয়।
এমন পরিস্থিতিতে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় এগিয়ে আসেন সদস্যরা। বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মোস্তাকিমুল হকের তত্ত্বাবধানে আজ শুক্রবার (১ মে) সকাল থেকে মেরুং ইউনিয়নের হিল ভিডিপি প্লাটুন সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পানিতে ডুবে থাকা ধান কেটে দিচ্ছেন।
মহান মে দিবসের দিনেও সদস্যদের এই শ্রমঘন কার্যক্রমে কৃষকদের সম্ভাব্য বড় ধরনের ক্ষতি আংশিকভাবে রোধ করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, হঠাৎ প্রাকৃতিক দুর্যোগে তারা দিশেহারা হয়ে পড়েছিলেন। এমন সময়ে আনসার-ভিডিপি সদস্যদের সহযোগিতা তাদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ দুর্যোগকালীন সময়ে পাহাড়ি অঞ্চলের কৃষক ও জুমচাষীদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়দের মতে, মানবিক দায়িত্ববোধ ও জনসেবার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আনসার ও ভিডিপির এ উদ্যোগ ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য এটি হয়ে উঠেছে আস্থা ও নির্ভরতার প্রতীক।
প্রসঙ্গত, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে পার্বত্য অঞ্চলের কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা সহায়তা কার্যক্রম জোরদার করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।