কারাগারের ছাদে বসছে সোলার প্যানেল, ব্যবহার করবে নিজস্ব বিদ্যুৎ
![]()
নিউজ ডেস্ক
দেশের কারাগারগুলোতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উদ্যোগ হিসেবে ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণের পরিকল্পনা নিয়েছে কারা অধিদপ্তর।
শুক্রবার (৮ মে) রাতে অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের ‘নেট মিটারিং’ নীতিমালার আওতায় ‘ওপেক্স’ (চলমান পরিচালন ব্যয়) পদ্ধতিতে প্রায় ১৫ থেকে ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই লক্ষ্য বাস্তবায়নে সম্প্রতি কারা কর্তৃপক্ষের সঙ্গে ইনজেন টেকনোলজি লিমিটেড-এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ ‘নেট মিটারিং’ পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে এবং একইসঙ্গে কারাগারগুলোর বিদ্যুৎ চাহিদা পূরণে ব্যবহার করা হবে।
প্রয়োজনের অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হবে, যার ফলে সরকারের বিদ্যুৎ খাতে ব্যয় সাশ্রয় হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কারা অধিদপ্তর জানায়, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সরকারের সাম্প্রতিক নির্দেশনার আলোকে এ ধরনের উদ্যোগ জোরদার করা হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো—এই প্রকল্পে সরকারের সরাসরি কোনো বিনিয়োগ থাকছে না; সম্পূর্ণ ব্যয় বহন করবে বেসরকারি খাত।
এছাড়া ভবিষ্যতে এ ধরনের উদ্যোগের মাধ্যমে কারাগারগুলোকে আরও উৎপাদনমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।