মৎস্যসম্পদ সংরক্ষণে নৌবাহিনীর জোরদার অভিযান, কোটি টাকার অবৈধ জাল জব্দ
![]()
নিউজ ডেস্ক
দেশের সমুদ্রসীমা, সামুদ্রিক সম্পদ ও জাতীয় অর্থনৈতিক স্বার্থ রক্ষায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জ্বালানিবাহী জাহাজের সুরক্ষা এবং সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাহিনীটি।
এরই ধারাবাহিকতায় গত ১৫ ফেব্রুয়ারি থেকে ‘জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম-২০২৬’ এবং ১৫ এপ্রিল থেকে বঙ্গোপসাগর এলাকায় ‘৫৮ দিন সকল প্রকার মৎস্য আহরণ বন্ধ কার্যক্রম’ বাস্তবায়নে নৌবাহিনী সক্রিয় রয়েছে।
জাটকা সংরক্ষণ অভিযানের আওতায় চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, খুলনা, বরিশালসহ দেশের ৯টি জেলায় সমন্বিত অভিযান পরিচালিত হচ্ছে। বরিশাল অঞ্চলে বানৌজা তিতাস টহল ও বিশেষ অভিযান চালাচ্ছে।

অভিযানে অবৈধভাবে জাটকা আহরণ রোধ এবং নিষিদ্ধ জাল—যেমন কারেন্ট জাল, মশারি জাল, চায়না দুয়ারি জাল, সুতা জাল ও বাঁধা জাল—ব্যবহার কঠোরভাবে প্রতিরোধ করা হচ্ছে। আটক জাল স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে ধ্বংস করা হচ্ছে এবং জেলেদের সচেতন করা হচ্ছে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য।
এ পর্যন্ত প্রায় ৫১৪ কোটি ৬৮ লাখ টাকার বেশি মূল্যের ৩ কোটি ৪০ লাখ ৭৮ হাজার ৭০৫ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। পাশাপাশি ৮৬১টি নিষিদ্ধ জাল, ৩৭ কেজি জাটকা এবং একটি বোট উদ্ধার করা হয়েছে। এই কার্যক্রম আগামী ১৫ মে পর্যন্ত চলবে।
অন্যদিকে, বঙ্গোপসাগরে মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৫৮ দিনের নিষেধাজ্ঞা কার্যকরে নৌবাহিনীর ৩টি জাহাজ মোতায়েন রয়েছে। সমুদ্রে কোনো নৌযান যাতে নিষিদ্ধ সময়ে মাছ ধরতে না পারে, সে জন্য নিয়মিত টহল ও আকাশপথে নজরদারি চালানো হচ্ছে।

এ অভিযানে এখন পর্যন্ত প্রায় ২৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ২৩ হাজার ৫০০ মিটার অবৈধ জাল এবং ৪১টি নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। সরকার ঘোষিত এই নিষেধাজ্ঞা আগামী ১১ জুন ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে।
এছাড়া ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় গত ১ জানুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশের ১৬টি উপকূলীয় জেলায় পরিচালিত বিশেষ কম্বিং অভিযানে প্রায় ১৫৮ কোটি টাকার বেশি মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়। একই সঙ্গে ২,৩৫৭টি নিষিদ্ধ জাল, ৫টি বোট এবং ৯০৩ কেজি জাটকা উদ্ধার করা হয়েছে।
নৌবাহিনীর এসব কার্যক্রম দেশের জাতীয় সম্পদ ইলিশসহ সামগ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।