চকরিয়া-পেকুয়ায় বাড়ছে হাসপাতালের শয্যা, মিলবে উন্নত চিকিৎসাসেবা
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় এবং পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব শুক্লা সরকারের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্টরা বলছেন, শয্যা সংখ্যা বাড়ানোর ফলে দুই উপজেলায় স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত হবে। এতে রোগীরা আগের তুলনায় উন্নত ও অধিক চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন বলেন, অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার প্রজ্ঞাপন জারি করেছে। এখন পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রমের জন্য বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।
তিনি আরও বলেন, “সব প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় এক মাস সময় লাগতে পারে। এটি বাস্তবায়িত হলে সাধারণ মানুষ আরও উন্নত চিকিৎসাসেবা পাবেন।”
স্থানীয় বাসিন্দা ছাফওয়ানু করিম বলেন, “১৭ বছরের বঞ্চিত জনপদে এবার উন্নয়নের ছোঁয়া লেগেছে।এখন থেকে উপজেলার অধিবাসীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত সম্ভব হবে বলে মনে করি।”
এদিকে, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত হওয়ায় সেখানে চিকিৎসাসেবার সক্ষমতাও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্যোগ ও প্রচেষ্টায় দুই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।