দুর্গম সীমান্তে বিজিবির চিকিৎসা ক্যাম্প, হাম প্রতিরোধ টিকাদানসহ বিনামূল্যে সেবা
![]()
নিউজ ডেস্ক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র উদ্যোগে বান্দরবানের দুর্গম সীমান্তবর্তী এলাকায় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ এবং শিশুদের হাম প্রতিরোধক টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নেরর দুর্গম সীমান্ত এলাকায় এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কার্যক্রমে বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ এবং থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আগত চিকিৎসকরা অংশ নেন।
ক্যাম্পেইনে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় শিশুদের হাম প্রতিরোধক টিকা প্রদান করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আলীকদম ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি এলাকায় মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে চিকিৎসা সহায়তার পাশাপাশি শিক্ষা উপকরণ বিতরণ, খাদ্য সহায়তা এবং দুর্যোগকালীন সহায়তাও প্রদান করা হচ্ছে।

ক্যাম্পেইন ও টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শামসুল আলম এবং বিজিবি বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ কায়সার জামিল।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, ভবিষ্যতেও দুর্গম সীমান্তবর্তী এলাকার মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।