সীমান্তে কাঁটাতারের জমি হস্তান্তর ইস্যুতে পশ্চিমবঙ্গে বিশেষ প্রশাসনিক বৈঠক
![]()
নিউজ ডেস্ক
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তর ইস্যুতে মঙ্গলবার (১৯ মে) ঘোজাডাঙা ল্যান্ডপোর্টে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রশাসনিক বৈঠক।
এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসক শিলপা গৌরিসারিয়া, বসিরহাট মহকুমাশাসক জাসলিন কৌর, বসিরহাট পুলিশ জেলার সুপার অলকানন্দা ভাওয়ালসহ জেলা ও মহকুমা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তারা।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ওই জেলার স্বরূপনগর, বাদুড়িয়া, বসিরহাট, হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ এলাকার প্রশাসনিক কর্তারা। পাশাপাশি বিএসএফের একাধিক উচ্চপদস্থ আধিকারিকও এদিনের বৈঠকে যোগ দেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়।
ঘোজাডাঙা ল্যান্ডপোর্টে বিএসএফের ১০২ নম্বর ব্যাটালিয়ন ক্যাম্পে অনুষ্ঠিত এই বৈঠকে সীমান্ত এলাকায় জমি অধিগ্রহণের পদ্ধতি, জমির মালিকদের কাছ থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ বা এনওসি সংগ্রহ, এবং যেসব পরিবারের বাড়িঘর স্থানান্তর করতে হবে, সেই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রশাসন সূত্রে খবর, সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে দ্রুত কাঁটাতারের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।