চীন-রাশিয়ার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব আরও বেশি জনসমর্থন পাবে: বেইজিং
![]()
নিউজ ডেস্ক
চীন ও রাশিয়ার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ভবিষ্যতে আরও বেশি জনসমর্থন লাভ করবে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন।
মঙ্গলবার (১৯ মে) নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এ সময় চীন-রাশিয়া মৈত্রী, শান্তি ও উন্নয়ন কমিটির শিক্ষা পরিষদের উদ্যোগে পরিচালিত চীন ও রাশিয়ার ১৮ থেকে ৩৫ বছর বয়সি তরুণদের মধ্যে বন্ধুত্ব ও সাংস্কৃতিক বিনিময় সম্পর্কিত এক জরিপের বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
কয়েক দিন আগে চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ওপিনিয়ন রিসার্চ সেন্টার জরিপ প্রতিবেদনের প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করে। প্রতিবেদনে বলা হয়, জরিপে অংশগ্রহণকারীদের ৮০ শতাংশের বেশি চীন-রাশিয়া সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ হিসেবে দেখছেন।
কুও চিয়াখুন বলেন, এই জরিপ চীন ও রাশিয়ার জনমতের একটি বাস্তব প্রতিফলন। এর ফলাফল দ্বিপক্ষীয় সম্পর্কের উচ্চ পর্যায় এবং তরুণদের মধ্যে আরও বেশি বিনিময়ের প্রত্যাশাকে তুলে ধরেছে।
তিনি আরও বলেন, মঙ্গলবার থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনে তার রাষ্ট্রীয় সফর শুরু করেছেন। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রেসিডেন্ট পুতিনের কৌশলগত নেতৃত্বে চীন-রাশিয়ার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব আরও ব্যাপক জনসমর্থন পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মুখপাত্র আরও বলেন, দুই দেশের তরুণরা যৌথভাবে কাজ করে নতুন যুগে চীন-রাশিয়ার সমন্বিত কৌশলগত অংশীদারত্বে নতুন প্রাণশক্তি যোগ করবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।