যশোরে বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
যশোরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (গ্রীষ্মকালীন)-২০২৬।
বাংলাদেশ বিমান বাহিনীর ৮৮তম বাফা কোর্স, ডিরেক্ট এন্ট্রি-২০২৬এ এবং এসপিএসএসসি-২০২৬এ কোর্সের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত এ জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণের পাশাপাশি গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।

প্রশিক্ষণে সার্বিক কৃতিত্বের জন্য ৮৮তম বাফা কোর্সের অফিসার ক্যাডেট তাহসিন আহম্মেদ কোরাইশী লাভ করেন মর্যাদাপূর্ণ “সোর্ড অব অনার”।
এছাড়া উড্ডয়ন প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট আদনান হক অর্জন করেন “বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি” এবং জেনারেল সার্ভিস প্রশিক্ষণে কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট মোহাম্মদ আনান চৌধুরী লাভ করেন “কমান্ড্যান্টস ট্রফি”। একইসঙ্গে ৮৮তম বাফা কোর্স (গ্রাউন্ড ব্রাঞ্চ)-এ সেরা কৃতিত্বের জন্য মোহাম্মদ আনান চৌধুরী “বিমান বাহিনী প্রধানের ট্রফি” অর্জন করেন।
এ গ্রীষ্মকালীন টার্মে বীর উত্তম সুলতান মাহমুদ স্কোয়াড্রন চ্যাম্পিয়ন বিবেচিত হয়ে একাডেমি পতাকা লাভ করে।

অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎবরণকারী বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইসঙ্গে তিনি কিলো ফ্লাইটের সাহসী সদস্যদের অবদানের কথা তুলে ধরে বলেন, তাঁদের আত্মত্যাগ ও দুঃসাহসিক আকাশযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশ বিমান বাহিনীর ভিত্তি রচিত হয়েছিল।
তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশ বিমান বাহিনী বহু প্রতিকূলতা অতিক্রম করে আজ একটি আধুনিক, সুসংগঠিত ও সুসজ্জিত বাহিনীতে পরিণত হয়েছে।
বিমান বাহিনী প্রধান আরও বলেন, দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক দুর্যোগ মোকাবিলা, উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, সেনা ও নৌবাহিনী এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে বিমান বাহিনী। তিনি উল্লেখ করেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিমানবাহিনীর সদস্যরা বিমানবন্দরসমূহের ফ্লাইট কার্যক্রম স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। একইসঙ্গে বিমানবাহিনী গঠিত টাস্কফোর্স পেশাদারিত্ব, সাহসিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করছে বলেও তিনি উল্লেখ করেন।

এ কুচকাওয়াজের মাধ্যমে ৫ জন মহিলা অফিসার ক্যাডেটসহ মোট ৪১ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। অফিসার ক্যাডেট একাডেমি সিনিয়র আন্ডার অফিসার তাহসিন আহম্মেদ কোরাইশী আনুষ্ঠানিক কুচকাওয়াজের নেতৃত্ব দেন।
কুচকাওয়াজ শেষে বিমান বাহিনী একাডেমির বিভিন্ন বিমানের মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট, আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে এবং চৌকষ প্যারাট্রুপারদের হেলিকপ্টার থেকে দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির রাষ্ট্রপতি কুচকাওয়াজ নতুন অফিসারদের আনুষ্ঠানিক কমিশনপ্রাপ্তির একটি গুরুত্বপূর্ণ সামরিক আয়োজন, যা বাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সক্ষমতার প্রতীক হিসেবে বিবেচিত হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।