ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে রাজধানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন
![]()
নিউজ ডেস্ক
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে রাজধানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাস্তার মতো গুরুত্বপূর্ণ ও যানজটপ্রবণ স্থানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পাওয়ায় মহাসড়ক ও টোল প্লাজাগুলোতে যানজট ও আইনশৃঙ্খলাজনিত সমস্যা প্রতিরোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। জনসাধারণের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রমেও সহায়তা করবে বিজিবি।
বিজিবি জানিয়েছে, ঈদের সাত দিন আগে থেকে শুরু করে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। এ সময়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক, টোল প্লাজা এবং জনসমাগমপূর্ণ এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, বিজিবির এই মোতায়েনের ফলে ঈদকে ঘিরে সম্ভাব্য যানজট, বিশৃঙ্খলা ও নিরাপত্তাজনিত সমস্যা অনেকাংশে নিয়ন্ত্রণে থাকবে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।