জুরাছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা, দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে ১ লাখ ২৩ হাজার টাকা বিতরণ
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে বাংলাদেশ সেনাবাহিনীর ৩০৫ পদাতিক ব্রিগেড ও রাঙামাটি রিজিয়নের আওতাধীন জুরাছড়ি জোন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে। এই কার্যক্রমের অংশ হিসেবে অসহায়, দুস্থ, দরিদ্র ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।
আজ রোববার সকালে জুরাছড়ি জোন সদরে আয়োজিত এ অনুষ্ঠানে উপকারভোগীদের মোট ১ লাখ ২৩ হাজার টাকা নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। স্থানীয় হতদরিদ্র পরিবারের চিকিৎসা ব্যয়, পারিবারিক প্রয়োজন এবং পুনর্বাসনের বিষয় বিবেচনায় এনে এই অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুরাছড়ি জোনের ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফাক আমিন চৌধুরী। এ সময় জোনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলার দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার চিত্তিময় চাকমা, সুমী আক্তার, টুত্তুরী চাকমা, মনোনীতা চাকমা, গরিকা চাকমা, মিন্টি চাকমা, কৃষ্ণলতা চাকমা, চঞ্চলা চাকমা, অনিল বরন চাকমা, সুনিল চাকমা ও ফারুক হোসেনসহ একাধিক ব্যক্তি এই সহায়তা গ্রহণ করেন। পাশাপাশি আমতলী প্রাইমারি স্কুলকেও শিক্ষার মানোন্নয়নে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তৃতাকালে ভারপ্রাপ্ত জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষায় নয়, মানবকল্যাণ ও সামাজিক উন্নয়নেও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে জুরাছড়ি জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
উপকারভোগীরা সেনাবাহিনীর এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে এ ধরনের সহায়তা তাদের জীবনে নতুন আশার আলো জাগিয়েছে এবং কঠিন সময়ে বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।
উল্লেখ্য, অপারেশন উত্তরণের আওতায় জুরাছড়ি জোন দীর্ঘদিন ধরে বিনামূল্যে চিকিৎসাসেবা, শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সহায়তা, অবকাঠামো উন্নয়ন এবং দুর্যোগকালীন সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও জনআস্থার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।