ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ
![]()
নিউজ ডেস্ক
সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রাঙামাটিতে। সোমবার (২৫ মে) সকালে শহরের জিমনেশিয়াম এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনরুপা ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।
হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, নারী নেত্রী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ধর্ষকদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী লীলা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলার সাংগঠনিক সম্পাদক সজল চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য কবিতা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অন্তর চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক সুমন চাকমাসহ অনেকে।
বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। বিশেষ করে শিশু ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনা জনমনে গভীর উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। তারা অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা বারবার একই ধরনের অপরাধ করার সাহস পাচ্ছে।
পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক সুমন চাকমা বলেন, “প্রতিবার বিচার চাওয়ার জন্য আমাদের রাজপথে নামতে হয়। বিচারহীনতার কারণেই এমন ঘটনা অব্যাহত রয়েছে। আমরা চাই, নারী ও শিশু নির্যাতনের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।”
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা নারী ও শিশু নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ, দ্রুত বিচার ট্রাইব্যুনালের কার্যক্রম জোরদার এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।