কৃষকের পাশে দাঁড়াল রাঙামাটি জেলা ছাত্রদল, মাঠে নেমে ধান কাটলেন নেতাকর্মীরা
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটিতে কালবৈশাখী ঝড় ও শ্রমিক সংকটের কারণে সময়মতো ধান কাটতে না পারা কৃষকদের সহায়তায় মাঠে নেমেছে জেলা ছাত্রদল। মানবিক এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা।
সোমবার (২৫ মে) সকালে রাঙামাটি শহরের রাঙ্গাপানির মোল্লাপাড়া এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলতে সহায়তা করেন। সাম্প্রতিক ঝড়-বৃষ্টিতে অনেক কৃষকের ক্ষেতের ধান নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় সংগঠনটির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কৃষকের পাশে দাঁড়ান।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ওলি আহাদ, সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি, সহ-সভাপতি মাহমুদুল হাসান জুয়েল ও আব্দুস সালাম, দপ্তর সম্পাদক সানি আহমেদ, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোর্শেদ, সাধারণ সম্পাদক শরীফুল ইসলামসহ জেলা ও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
সহযোগিতা পেয়ে স্থানীয় কৃষক হানিফ মোল্লা আবেগাপ্লুত হয়ে বলেন, “পাকা ধানগুলো ঝড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছিল। শ্রমিকও পাচ্ছিলাম না। ঠিক সেই সময় ছাত্রদলের ছেলেরা আমার পাশে দাঁড়িয়েছে। এটা আমার জন্য অনেক বড় সহায়তা। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।”
রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ওলি আহাদ বলেন, “মোল্লাপাড়ার এক অসহায় কৃষক শ্রমিক সংকটের কারণে সময়মতো ধান কাটতে পারছেন না—এমন খবর পাওয়ার পরই আমরা সিদ্ধান্ত নিই তার পাশে দাঁড়ানোর। কৃষকরা যেন কৃষিকাজে উৎসাহ পান এবং দুর্যোগের সময় একা অনুভব না করেন, সেজন্যই আমাদের এই মানবিক উদ্যোগ।”
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
রাঙামাটি জেলা কৃষি বিভাগের তথ্যমতে, সাম্প্রতিক কালবৈশাখী ঝড় ও প্রাকৃতিক দুর্যোগে জেলার প্রায় ৩৬৯ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কৃষকদের মাঝে উদ্বেগ তৈরি হলেও বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা কিছুটা স্বস্তি এনে দিচ্ছে।
স্থানীয়রা মনে করছেন, রাজনৈতিক কর্মসূচির বাইরে এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক সংগঠনগুলোর সম্পর্ক আরও সুদৃঢ় করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।