আকাশি-সাদা রঙে আর্জেন্টিনা উন্মাদনায় মুখর সমুদ্রশহর কক্সবাজার

আকাশি-সাদা রঙে আর্জেন্টিনা উন্মাদনায় মুখর সমুদ্রশহর কক্সবাজার

আকাশি-সাদা রঙে আর্জেন্টিনা উন্মাদনায় মুখর সমুদ্রশহর কক্সবাজার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিশ্বকাপ ফুটবল ঘিরে কক্সবাজারে শুরু হয়েছে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস। আকাশি-সাদা পতাকায় সেজেছে শহরের বিভিন্ন সড়ক। প্রিয় দলের প্রতি ভালোবাসা জানাতে সোমবার (১৫ জুন) বিকেলে শত শত সমর্থক অংশ নেন এক বর্ণাঢ্য শোভাযাত্রায়। এতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় পর্যটন নগরীজুড়ে।
এদিন বিকেলে শহরের বাহারছড়া গোলচত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার গোলচত্বরে এসে শেষ হয়। এ সময় সমর্থকদের হাতে ছিল আর্জেন্টিনার পতাকা, ব্যানার এবং প্রিয় ফুটবলারদের ছবি সংবলিত ফেস্টুন। আবার প্রতিপক্ষ ব্রাজিলের সমর্থকদের জ্বালাতে আর্জেন্টিনার সমর্থকদের হাতে বিভিন্ন সাইজের পানীয় সেভেন আপের বোতলও দেখা যায়।
শোভাযাত্রাজুড়ে সমর্থকরা বিভিন্ন স্লোগানে মুখর ছিলেন। ডিজে গানের তালে নেচে-গেয়ে উল্লাস প্রকাশ করেন তারা। পুরো আয়োজন ঘিরে শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য। শোভাযাত্রা দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন স্থানীয় বাসিন্দা, পর্যটক ও ফুটবলপ্রেমীরা।
আর্জেন্টিনা সমর্থক সোহাগ হাসান মাহিন বলেন, “মেসিদের খেলা আমাদের কাছে শুধু ৯০ মিনিটের ফুটবল নয়, এটি আনন্দ আর আবেগের এক অনন্য উৎসব। ছোটবেলা থেকেই আর্জেন্টিনার প্রতি ভালোবাসা জন্মেছে, যা সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে। সেই ভালোবাসা ও সমর্থনের প্রকাশ ঘটাতেই আজকের এই শোভাযাত্রায় অংশ নিয়েছি।”
আকাশি-সাদা রঙে আর্জেন্টিনা উন্মাদনায় মুখর সমুদ্রশহর কক্সবাজার
আয়োজক অনিক হাব্বী বলেন, “বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে আমাদের বিশ্বাসের জায়গা খুবই শক্ত। দলে রয়েছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা কিংবদন্তি লিওনেল মেসি। তাঁর নেতৃত্ব, অভিজ্ঞতা ও জয়ের মানসিকতা পুরো দলকে অনুপ্রাণিত করে। তাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার এবং শিরোপা ধরে রাখার সামর্থ্য রাখে। এই আস্থা ও ভালোবাসার প্রকাশ ঘটাতেই আমরা আজকের এই শোভাযাত্রার আয়োজন করেছি।”
ইনজামাম বলেন, “আর্জেন্টিনা ভালোবাসা ও আবেগের প্রতীক। বিশ্বকাপ এলেই সেই আবেগ আরও বেড়ে যায়। তাই প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে আমরা সবাই একত্রিত হয়েছি।”
আরেক সমর্থক মোহাম্মদ ইউনুছ বলেন, “শুধু খেলা দেখাই নয়, প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই বন্ধুদের নিয়ে এই শোভাযাত্রায় অংশ নিয়েছি।”
শোভাযাত্রা দেখতে আসা এক পর্যটক বলেন, “কক্সবাজারে এসে এমন উৎসবমুখর পরিবেশ দেখবো ভাবিনি। মনে হচ্ছে পুরো শহর যেন ফুটবল উৎসবে মেতে উঠেছে।”
রহিম উদ্দিন বলেন, “ফুটবল আমাদের সবার আবেগের জায়গা। ছোটকাল থেকে আর্জেন্টিনাকে সমর্থন করি। তাই আজকের এই আয়োজনে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। আমার আশা এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে।”
সমর্থকদের দাবি, বিশ্বকাপ চলাকালে আরও নানা আয়োজনের মাধ্যমে তারা আর্জেন্টিনার প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করবেন। তাদের উচ্ছ্বাস আর অংশগ্রহণে সমুদ্র শহর কক্সবাজারে এখন বইছে আকাশি-সাদা আবেগের জোয়ার।
এ শুভযাত্রায় কক্সবাজার জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন আর্জেন্টিনা সমর্থকরা। তাদের হাতে ছিল প্রিয় দলের আকাশি-সাদা পতাকা, প্রিয় খেলোয়াড়দের ছবি সংবলিত ফেস্টুন ও ব্যানার। ঢোল-তবলা, বাঁশি আর উচ্ছ্বাসভরা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শোভাযাত্রা। সমর্থকদের প্রাণবন্ত অংশগ্রহণে সমুদ্র শহর কক্সবাজার যেন পরিণত হয় এক টুকরো আর্জেন্টিনায়।
  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *