টেকনাফে সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মীকে অপহরণ করে হত্যাচেষ্টা, ধারালো অস্ত্রের আঘাতে দুই পা ক্ষতবিক্ষত
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে সাবেক ইউপি সদস্য ও স্থানীয় সংবাদকর্মী জামাল উদ্দিনকে অস্ত্রের মুখে অপহরণের পর হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় তাকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
আহত জামাল উদ্দিন (৪০) হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় একজন সংবাদকর্মী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে হ্নীলা আল-ফালাহ একাডেমি স্কুলের সামনে চা পান করার সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আসা ৫ থেকে ৭ জন মুখোশধারী অস্ত্রধারী ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, অপহরণের কিছুক্ষণ পর কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে হ্নীলা দরগাহ এলাকার পশ্চিম পাশে নিয়ে গিয়ে তাকে মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ে আঘাত করা হয়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের অভিযোগ, এ ঘটনার সঙ্গে পাহাড়ি এলাকায় সক্রিয় একটি সশস্ত্র অপরাধী চক্র জড়িত। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে নুর কামাল নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন, জামাল উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে বেধড়ক মারধর করা হয়েছে। পরে তাকে হ্নীলা মেমোরিয়াল কলেজের পাশের এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, হ্নীলায় সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিনকে মারধরের বিষয়টি শুনেছি। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৩ ডিসেম্বর হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নাটমুরাপাড়ায় জামাল উদ্দিনের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনি টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করেন। পরে ২০২৪ সালের ২৩ মার্চ সেই মামলার এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।