কাপ্তাইয়ে মাদকবিরোধী র্যালি, সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান
![]()
জার্নাল প্রতিবেদক
মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে রাঙামাটির কাপ্তাইয়ে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টায় কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের নতুন বাজার ও জেটিঘাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালিতে নেতৃত্ব দেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম ও কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেল। র্যালিটি নতুন বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের এক পাশে সারিবদ্ধভাবে অবস্থান নেয়। পরে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদক প্রতিরোধে করণীয় নিয়ে বক্তব্য দেওয়া হয়।
র্যালিতে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব, কাপ্তাই থানার পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং এর বিস্তার রোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
র্যালি-পরবর্তী বক্তব্যে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পুরো পরিবার ও সমাজের ওপর। মাদকের কারণে তরুণ ও যুবসমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি পারিবারিক অশান্তি, অপরাধপ্রবণতা ও সামাজিক অবক্ষয় বাড়ছে।
বক্তারা আরও বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়। পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন এবং সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রমে তাদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাশেখ হাসিনাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।