লংগদুতে ১৫ প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সহায়তা
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির লংগদু উপজেলার সদর ইউনিয়নের ১৫টি প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন)। পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, রাঙামাটির সহযোগিতায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
সহায়তার অংশ হিসেবে নির্বাচিত প্রতিবন্ধী পরিবারগুলোর মাঝে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজসহ মোট ১০ ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় খাদ্যপণ্য পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে স্বস্তি দেখা যায়।
খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মিন্টু চাকমা, প্রকল্প পরিচালক নবাশীষ চাকমা এবং অর্থ বিষয়ক ম্যানেজার লেলিন চাকমা।
লংগদু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিক্রম বলির সহযোগিতা ও উপস্থিতিতে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যা সোনালিকা চাকমাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মিন্টু চাকমা বলেন, পার্বত্য অঞ্চলের প্রতিবন্ধী নারী-পুরুষের জীবনমানের উন্নয়ন এবং তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করাই সংস্থার প্রধান লক্ষ্য।

তিনি বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রয়োজন ও সমস্যাগুলো বিবেচনায় নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। পর্যায়ক্রমে লংগদু উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের শুধু সহায়তা প্রদান নয়, তাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার সুযোগ রয়েছে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা প্রতিবন্ধী পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে খাদ্য সহায়তা দেওয়ার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, দুর্গম পার্বত্য এলাকার প্রতিবন্ধী জনগোষ্ঠী নানা ধরনের আর্থিক ও সামাজিক সংকটের মুখোমুখি হন। তাদের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
স্থানীয়রা প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।