বিশ্বরূপ থেকে শিশু কৃষ্ণ—বর্ণিল সাজে কাপ্তাইয়ে জন্মাষ্টমীর মহাশোভাযাত্রা
![]()
জার্নাল প্রতিবেদক
কখনো ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, কখনো রাধা-কৃষ্ণের যুগলবন্দী। কারও সাজে কংসরাজা, কেউ শিশু কৃষ্ণ, কেউবা গোপাল, মা যশোদা কিংবা দেবকী। এমন নানা পৌরাণিক চরিত্রের বর্ণিল সাজে সেজে ঢাক-ঢোল ও মোটর শোভাযাত্রার সঙ্গে জন্মাষ্টমীর আনন্দে মেতে উঠেছেন কাপ্তাইয়ের শত শত নারী-পুরুষ ও ভক্ত-অনুরাগী।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবের আমেজ ও সম্প্রীতির বার্তায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) কাপ্তাইয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি ‘শ্রীশ্রী জন্মাষ্টমী’ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ১১টায় কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে চন্দ্রঘোনা কেপিএম কয়লার ডিপু হরিমন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মহাশোভাযাত্রা বের করা হয়। এর আগে সেখানে শোভাযাত্রার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র।
মহাশোভাযাত্রাটি কাপ্তাই সড়ক হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। কাপ্তাই উপজেলার বিভিন্ন মন্দিরের ভক্ত, পুরোহিত, সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ এতে অংশ নেন।

শোভাযাত্রায় শিশু-কিশোরদের নানা পৌরাণিক চরিত্রের সাজ বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাকাহিনি ও পৌরাণিক চরিত্রের আদলে সাজসজ্জায় অংশ নেওয়া শিশু-কিশোরদের ঘিরে উৎসুক মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। ঢাক-ঢোলের বাদ্য এবং মোটর শোভাযাত্রায় পুরো আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর।
মহাশোভাযাত্রা শেষে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে জন্মাষ্টমীর তাৎপর্য ও সামাজিক সম্প্রীতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সমলেন্দু বিকাশ দাশের সভাপতিত্বে এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা।
প্রধান অতিথির বক্তব্যে উথোয়াই মং মারমা বলেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন।

তিনি বলেন, ধর্মীয় উৎসবগুলো মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি আরও শক্তিশালী করে। পাহাড়ে সব সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কাপ্তাই উপজেলা শাখার আহ্বায়ক জগদীশ চন্দ্র দাশ।
এ সময় ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাঙামাটি জেলার যুগ্ম আহ্বায়ক রূপক মল্লিক রাতুল, কেপিএম কয়লার ডিপু হরিমন্দির পরিচালনা কমিটির কার্যকরী সভাপতি রতন কান্তি মল্লিক, ইউপি সদস্য নীল কান্ত মল্লিক, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সন্তোষ বিকাশ দাশ, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাপ্পা দে-সহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য। গীতা পাঠ করেন আশুতোষ মল্লিক।

আলোচনা সভা শেষে মহাশোভাযাত্রায় অংশগ্রহণকারী এবং ‘যেমন খুশি তেমন সাজ’ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতাটি জন্মাষ্টমীর আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
এদিকে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে চন্দ্রঘোনা মিশন এলাকায়ও পৃথক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীশ্রী গৌর নিতাই নামহট্ট বলরাম সংঘের উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ৯টায় চন্দ্রঘোনা মিশন এলাকার মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি মিশন এলাকা ও চন্দ্রঘোনা দোভাষী বাজার প্রদক্ষিণ করে লিচুবাগান কুষ্ঠ হাসপাতালে গিয়ে শেষ হয়।
এ সময় উদ্বোধনী বক্তব্য দেন চন্দ্রঘোনা মিশন এলাকার শ্রীশ্রী গৌর নিতাই নামহট্ট বলরাম সংঘের সভাপতি পালক মাধব দাস।
ধর্মীয় আচার-অনুষ্ঠান, শোভাযাত্রা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কাপ্তাইয়ে এবারের জন্মাষ্টমী উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ও সহযোগিতায় উৎসবটি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।