নানিয়ারচরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির নানিয়ারচরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি ‘শ্রীশ্রী জন্মাষ্টমী’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, বিশেষ প্রার্থনা ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শ্রীশ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নানিয়ারচর বাজারসহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রীশ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় রাধা-কৃষ্ণের সাজে সজ্জিত হয়ে বিপুলসংখ্যক শিশু-কিশোর অংশ নেয়। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। ধর্মীয় সংগীত, বিভিন্ন সাজসজ্জা ও ভক্তদের অংশগ্রহণে শোভাযাত্রায় উৎসবের আবহ সৃষ্টি হয়।
শোভাযাত্রা শেষে শ্রীশ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমীর তাৎপর্য ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান বলেন, অসাম্প্রদায়িক চেতনা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। দেশের প্রতিটি সম্প্রদায়ের মানুষকে সমতার দৃষ্টিতে দেখার পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, নানিয়ারচরের বিভিন্ন মন্দিরের অবকাঠামোগত উন্নয়নেও কাজ চলমান রয়েছে। ধর্মীয় উৎসবগুলো পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার সুযোগ সৃষ্টি করে বলেও তিনি উল্লেখ করেন।
আলোচনা সভায় স্থানীয় শ্রীশ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে বিশ্বশান্তি, দেশ ও জাতির সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে জন্মাষ্টমীর আয়োজন শেষ হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।