দুর্গম পাহাড়ে ঋণ আদায়ে গিয়ে পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক নিখোঁজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায়ে গিয়ে পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক নিখোঁজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায়ে গিয়ে পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক নিখোঁজ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সমিতির ঋণের কিস্তি আদায় করতে গিয়ে পল্লী উন্নয়ন বোর্ডের এক মাঠ সংগঠক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক হিসেবে কর্মরত। গত শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে অফিসের মোটরসাইকেল নিয়ে আলেচুপাড়া এলাকায় যাওয়ার কথা বলে বের হওয়ার পর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত তাঁর হদিস মেলেনি।

অফিস সূত্রে জানা গেছে, শনিবার অফিস বন্ধ থাকলেও সমিতির কিস্তি আদায়ের উদ্দেশ্যে পাইন্দু ইউনিয়নের দুর্গম আলেচুপাড়া এলাকায় যাওয়ার কথা ছিল মৃত্যুঞ্জয়ের। সকাল সাড়ে ৯টার দিকে তিনি অফিসের হিসাবরক্ষক মো. রবিউল হোসেনের কাছ থেকে মোটরসাইকেলের চাবি নিয়ে বের হন। এরপর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। সন্ধ্যায় মৃত্যুঞ্জয়ের স্ত্রী অফিসে এসে তাঁর খোঁজ করলে বিষয়টি জানাজানি হয়।

পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, মৃত্যুঞ্জয় নিয়মিত সমিতি গঠন ও ঋণের কিস্তি আদায়ের কাজে রুমার দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে যাতায়াত করতেন। এর আগে দায়িত্ব পালন করতে গিয়ে তাঁর কোনো ধরনের সমস্যায় পড়ার ঘটনা ঘটেনি। এ কারণে ছুটির দিনে তিনি নিয়মিত কাজের অংশ হিসেবে দুর্গম এলাকায় যাওয়ায় প্রথমদিকে অফিসের পক্ষ থেকেও তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি টের পাওয়া যায়নি।

তবে দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরও তাঁর কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ বাড়তে থাকে। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। রুমা থানায় তাঁর নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাঁর ব্যবহৃত মুঠোফোনের অবস্থান অনুসন্ধান করে শনিবার দুপুর পর্যন্ত তাঁকে কুক্ষ্যংঝিরি এলাকায় পাওয়া যায়। পরে স্থানীয় কয়েকজন তাঁকে বিকেলে মুরুংবাজার এলাকায় দেখেছেন বলে জানিয়েছেন।

ওসি আরও জানান, নিখোঁজ মৃত্যুঞ্জয়ের ব্যবহৃত মোটরসাইকেলটি কুক্ষ্যংঝিরি বাজার থেকে উদ্ধার করা হয়েছে। তবে তাঁকে কোথায় বা কী পরিস্থিতিতে পাওয়া যাচ্ছে না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর সন্ধানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে কাজ করছে।

দুর্গম পাহাড়ি এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে একজন সরকারি কর্মচারীর এভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর পরিবার ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে যে মোটরসাইকেল নিয়ে তিনি বের হয়েছিলেন, সেটি কুক্ষ্যংঝিরি বাজার থেকে উদ্ধার হলেও তাঁর কোনো সন্ধান না মেলায় ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ তৎপরতায় দ্রুত তাঁর অবস্থান শনাক্ত করে নিরাপদে উদ্ধারের প্রত্যাশা করছেন স্বজন ও সহকর্মীরা।

নিখোঁজ মৃত্যুঞ্জয় কুমার মণ্ডলের বাড়ি খুলনার কয়রা উপজেলার ঝিনুকাঠি আমাদি গ্রামে। তাঁর বাবার নাম বিপন্ন মণ্ডল। বদলি হয়ে রুমায় আসার পর থেকে তিনি স্ত্রী ও এক সন্তান নিয়ে সেখানে বসবাস করছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *