দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা গড়তে মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা গড়তে মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা গড়তে মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরি, যুক্তিনির্ভর চিন্তার বিকাশ এবং সততা ও দায়িত্বশীলতার মূল্যবোধ জোরদারের লক্ষ্যে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘তথ্যপ্রযুক্তির সর্বাত্মক ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে’—বিষয়ের ওপর আয়োজিত বিতর্কে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতি প্রতিরোধে প্রযুক্তির ভূমিকা নিয়ে নিজেদের যুক্তি তুলে ধরে। প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের শুধু বক্তৃতা ও যুক্তি উপস্থাপনের দক্ষতাই নয়, দুর্নীতির কারণ ও প্রতিরোধের উপায় নিয়ে চিন্তা করার সুযোগ তৈরি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া। মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমাম উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মানিক মিয়ার সভাপতিত্বে আয়োজিত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির পাটোয়ারী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রুবাইয়াত তানিম ও মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক।

প্রতিযোগিতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং আমতলী উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী আনিবা মুস্তারিন নির্বাচিত হয় শ্রেষ্ঠ বিতার্কিক।

আলোচনায় বক্তারা শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই সততা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তাঁদের মতে, দুর্নীতি প্রতিরোধ শুধু আইন প্রয়োগের বিষয় নয়; এর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সঠিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মানসিকতা তৈরি করাও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক, আলোচনা ও সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা ও সামাজিক দায়িত্ববোধ বিকাশে ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠান শেষে বিজয়ী দল এবং শ্রেষ্ঠ বিতার্কিকের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আবু জাহের, সদস্য মো. আব্দুল হামিদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।