বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয়, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়

বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয়, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়

বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয়, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়িতে সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ইউনিটি-বাঘাইছড়ির নবনির্মিত কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নতুন কার্যালয়কে ঘিরে সাংবাদিকদের পারস্পরিক যোগাযোগ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও কার্যকরভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাঘাইছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনটির কার্যালয়ে ফিতা কাটা ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়।

রিপোর্টার্স ইউনিটি-বাঘাইছড়ির সভাপতি মো. হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু। প্রধান বক্তা ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম জাবেদ, বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ। এ ছাড়া রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ, স্থানীয় সমাজসেবক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয়, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়

রিপোর্টার্স ইউনিটি-বাঘাইছড়ির সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার পেশাগত দায়িত্ব, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। দল-মত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে তথ্য যাচাই করে সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব।

বক্তারা বলেন, বাঘাইছড়ির মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র তুলে ধরতে স্থানীয় সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই এবং পেশাগত নীতিমালা অনুসরণ করা জরুরি। একই সঙ্গে সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

অনুষ্ঠানে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নৈতিক সাংবাদিকতার চর্চা জোরদারের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, একটি কার্যকর সাংবাদিক সংগঠন শুধু সাংবাদিকদের মধ্যে যোগাযোগ ও ঐক্য বাড়ানোর ক্ষেত্রেই নয়, তাঁদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নেও ভূমিকা রাখতে পারে।

তাঁরা আরও বলেন, বাঘাইছড়ির মতো দুর্গম ও বিস্তৃত এলাকায় মানুষের নানা সমস্যা, জনদুর্ভোগ, সম্ভাবনা এবং উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য সঠিকভাবে তুলে ধরতে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। রিপোর্টার্স ইউনিটি-বাঘাইছড়ির নতুন কার্যালয় সাংবাদিকদের পারস্পরিক যোগাযোগ ও পেশাগত কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবে এবং জনস্বার্থের বিষয়গুলো তুলে ধরার ক্ষেত্রে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা পেশাগত দায়িত্ব পালনে সততা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সাংবাদিকতার মান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।