৭৭৮ শিক্ষার্থী পেল শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী ও নারীদের সেলাই মেশিন বিতরণ
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়িতে ৭৭৮ জন কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মাঝে ৯২ লাখ ৫ হাজার টাকা শিক্ষা বৃত্তির আর্থিক মঞ্জুরি দেওয়া হয়েছে। একই সঙ্গে ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১০ জন নারীর মাঝে ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) খাগড়াছড়ি পৌর টাউন হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে এক অনুষ্ঠানে এসব সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

অনুষ্ঠানে ৪৯৩ জন কলেজ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এবং ২৮৫ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি দেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়ন ও নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, অর্থনৈতিক সংকটের কারণে পাহাড়ের কোনো শিক্ষার্থী যাতে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সে জন্য শিক্ষা সহায়তা অব্যাহত রাখা হবে। একই সঙ্গে নারীদের আত্মনির্ভরশীল করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করার পাশাপাশি দুর্গম ও পিছিয়ে থাকা এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়নে সহায়তা করা প্রয়োজন। শিক্ষা উপকরণ ও মাল্টিমিডিয়া সামগ্রী সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর পাঠদান কার্যক্রম আরও কার্যকর করার সুযোগ তৈরি হবে।

নারীদের আত্মকর্মসংস্থানের বিষয়ে অনুষ্ঠানে জানানো হয়, পর্যায়ক্রমে খাগড়াছড়ির নয়টি উপজেলায় মোট ৯০ জন নারীকে সেলাই মেশিন দেওয়া হবে। এর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের নিজ উদ্যোগে আয়মুখী কাজে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরা হয়। শিক্ষা সহায়তা, শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ এবং নারীদের দক্ষতা ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির এসব উদ্যোগ পাহাড়ের শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে বক্তারা উল্লেখ করেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ ও জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।