খাগড়াছড়িতে গিরিফুল শিশু সদনের নবনির্মিত ছাত্রাবাস উদ্বোধন
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ি সদর উপজেলার গিরিফুল শিশু সদনের নবনির্মিত ছাত্রাবাসের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে শিশু সদনের বিভিন্ন উন্নয়নমূলক কাজেরও শুভ উদ্বোধন করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) গিরিফুল শিশু সদন প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ছাত্রাবাস ও উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।
তিনি রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার আইন-শৃঙ্খলা সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গিরিফুল শিশু সদনের সভাপতি ডা. বিশ্ব জ্যোতি চাকমা।
গিরিফুল শিশু সদন, হেডম্যানপাড়া, পেরাছড়া, খাগড়াছড়ি সদরের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং শিশু সদনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা, শিক্ষা গ্রহণ ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করতে শিশু সদনের অবকাঠামোগত উন্নয়ন গুরুত্বপূর্ণ। নবনির্মিত ছাত্রাবাসের মাধ্যমে শিশুদের আবাসন সুবিধা আরও উন্নত হবে এবং তাদের শিক্ষা ও দৈনন্দিন কার্যক্রমে সহায়ক পরিবেশ তৈরি হবে।
আলোচনা সভায় শিশুদের শিক্ষা, আবাসন ও সার্বিক কল্যাণে গিরিফুল শিশু সদনের কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।