উখিয়ায় পাহাড়ের মাটি পাচারের সময় দুটি ডাম্পার জব্দ, বিপুল পরিমাণ পাখি ধরার ফাঁদ ধ্বংস

উখিয়ায় পাহাড়ের মাটি পাচারের সময় দুটি ডাম্পার জব্দ, বিপুল পরিমাণ পাখি ধরার ফাঁদ ধ্বংস

উখিয়ায় পাহাড়ের মাটি পাচারের সময় দুটি ডাম্পার জব্দ, বিপুল পরিমাণ পাখি ধরার ফাঁদ ধ্বংস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে অবৈধভাবে মাটি পাচারের সময় দুটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ। একই সঙ্গে পৃথক অভিযানে বিপুল পরিমাণ পাখি ধরার ফাঁদ ও শিকারের সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের মোচারখোলা কালামের পাহাড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাহাড় কেটে মাটি পাচারের কাজে ব্যবহৃত দুটি ডাম্পার জব্দ করেন বন বিভাগের কর্মকর্তারা। পরে ডাম্পার দুটি উখিয়া রেঞ্জ অফিসের হেফাজতে রাখা হয়।

বন বিভাগ জানায়, পাহাড় কেটে মাটি পাচারের কারণে প্রাকৃতিক পরিবেশ ও বনভূমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পাহাড়ের স্বাভাবিক ভূমিরূপও পরিবর্তিত হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরপর সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উখিয়া রেঞ্জের সদর বিটের মাছকারিয়া বিলে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৫০০ ফুট পাখি ধরার ফাঁদ জব্দ করা হয়। পাশাপাশি পাখি শিকারের জন্য তৈরি শতাধিক ঘর এবং আনুমানিক এক হাজার ককসিট দিয়ে তৈরি নকল বক ধ্বংস করা হয়েছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, নকল বক ব্যবহার করে প্রকৃত বকসহ বিভিন্ন প্রজাতির পাখিকে আকৃষ্ট করে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়। বিপুলসংখ্যক ফাঁদ ও শিকারের সরঞ্জাম ধ্বংসের ফলে ওই এলাকায় পাখি শিকারের তৎপরতা প্রতিরোধে তাৎক্ষণিকভাবে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, মোচারখোলা বিট কর্মকর্তা দীপক চাকমা ও রাজাপালং বিট কর্মকর্তা রোকনুজ্জামানসহ উখিয়া রেঞ্জের বিভিন্ন বিটের স্টাফ ও ইআরটি সদস্যরা অংশ নেন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, বনভূমি রক্ষা, পাহাড় কাটা ও অবৈধ মাটি পাচার বন্ধের পাশাপাশি বন্যপ্রাণী ও পাখি শিকার রোধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

একই দিনে পাহাড়ের মাটি পাচার রোধে ডাম্পার জব্দ এবং পাখি শিকারের ফাঁদ ও সরঞ্জাম ধ্বংসের ঘটনায় বন বিভাগের নিয়মিত নজরদারি ও পরিবেশ সুরক্ষায় তাদের তৎপরতার বিষয়টি সামনে এসেছে। বনভূমি ও বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed