কুতুবদিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, অবহিতকরণ সভা অনুষ্ঠিত
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে কর্মসূচির সুষ্ঠু ও কার্যকর বাস্তবায়ন এবং স্বাবলম্বী পরিবার গঠনের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। একই দিন উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কিরণপাড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী আসিফ, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা মো. আছাহাবুদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহমেদ চৌধুরী, সদস্যসচিব এম এ ছালাম কুতুবী এবং আলী আকবর ডেইল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফিরোজ খান চৌধুরী।
সভায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহের উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। কর্মসূচির তথ্য সংগ্রহ ও পরবর্তী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আলী আকবর ডেইল ইউনিয়নের কিরণপাড়া থেকে তথ্য সংগ্রহ শুরু হওয়ার মধ্য দিয়ে কুতুবদিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম এগিয়ে গেল।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।