এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক
![]()
জার্নাল প্রতিবেদক
আশির দশকে গ্রামবাংলায় মেয়েদের স্কুলে পাঠানোই ছিল অনেক পরিবারের কাছে সামাজিক চ্যালেঞ্জ। প্রচলিত ধারণা ছিল, ‘নারী কুড়িতে বুড়ি’। এমন সময়ে সমাজের নানা বাধা উপেক্ষা করে মেয়েদের শিক্ষিত করার স্বপ্ন দেখেছিলেন কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ঘোনারপাড়ার উলামিয়া। মাদ্রাসার শিক্ষকদের আপত্তিও তাঁকে মেয়েদের পড়াশোনা করানোর সিদ্ধান্ত থেকে সরাতে পারেনি।
উলামিয়ার ১৩ মেয়ে ও তিন ছেলের মধ্যে বর্তমানে আট মেয়েই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ছেলেদেরও কেউ কেউ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। দুই স্ত্রীর সন্তানদের মধ্যেও শিক্ষার ক্ষেত্রে কোনো বিভাজন রাখেননি তিনি। সবার উচ্চশিক্ষা নিশ্চিত করতে পরিবারের ত্যাগ ও অধ্যবসায় আজ তাঁদের পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
শিক্ষকতা পেশায় যুক্ত আট বোন হলেন হুসনে আরা বেগম, সাবেকুন্নাহার কাজল, মুজিবুন্নাহার, রিজিয়া আক্তার, সেলিনা আক্তার, তাহমিদা ইয়াছমিন, ফাহমিদা ইয়াছমিন ও শারমিন আফরোজ নওরীন। তাঁরা বান্দরবান, হাটহাজারী, চকরিয়া, রামু ও রাউজানের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
বড় বোন হুসনে আরা বেগম বলেন, “বাবা সবসময় বলতেন, মেয়েদের শিক্ষিত হতে হবে। উনার স্বপ্ন পূরণ করতেই আমরা শিক্ষকতায় এসেছি। এখন গ্রামের শিশুদের পড়াতে পেরে নিজেদের ধন্য মনে হয়।”
পরিবারের আরেক সদস্য আনোয়ারা বেগমের শৈশবও ছিল ব্যতিক্রমী। তিনি জানান, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত তাঁর ক্লাসে অনেক ছেলে শিক্ষার্থীর বিপরীতে তিনিই ছিলেন একমাত্র মেয়ে শিক্ষার্থী। সে সময়ের সামাজিক বাস্তবতায় তাঁর এই অভিজ্ঞতা মেয়েদের শিক্ষার পথে বাধার চিত্র তুলে ধরে।
উলামিয়ার বড় ছেলে ও রামু সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ছলিম উল্লাহ বলেন, “বাবা বলতেন, শিক্ষাই সম্মান। তাঁর দেখানো পথেই আজ আট বোন হাজারো শিশুর জীবন গড়ছে।” বাবার মৃত্যুর পর ছোট ভাই-বোনদের শিক্ষিত করে তুলতে নিজের ক্যারিয়ারের অনেকটা বিসর্জন দিতে হয়েছে বলেও জানান তিনি।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন মো. প্রিন্স বলেন, উলামিয়ার পরিবারটি এলাকায় মেয়েদের শিক্ষার ক্ষেত্রে একটি দৃষ্টান্ত তৈরি করেছে। রামু উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হানিফ মিয়াও একই পরিবারের আটজনের শিক্ষকতা পেশায় যুক্ত থাকাকে বিরল ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।
রামুর কৃতী সন্তান ও সাবেক সচিব মাফরুহা সুলতানার মতে, সামাজিক ও ধর্মীয় নানা প্রতিবন্ধকতার মধ্যেও উলামিয়া মেয়েদের শিক্ষিত করে শুধু নিজের পরিবারের ভবিষ্যৎ বদলাননি, দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখার মতো একদল মানুষও তৈরি করেছেন। এ সাফল্যের পেছনে মায়ের ত্যাগও অনস্বীকার্য।
চার দশক আগে যে পরিবারে মেয়েদের শিক্ষার জন্য সামাজিক বাধার বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল, পরবর্তী প্রজন্মেও তার প্রভাব স্পষ্ট। পরিবারের নাতি-নাতনিদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিসিএস ক্যাডার, চিকিৎসক ও প্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলী।
একটি পরিবারের শিক্ষার প্রতি দৃঢ় অঙ্গীকার কীভাবে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়তে পারে, উলামিয়ার পরিবার তারই একটি উদাহরণ। সেই গল্পের কেন্দ্রে রয়েছেন এক বাবা, এক মা এবং তাঁদের ১৬ সন্তানের শিক্ষিত হয়ে ওঠার দীর্ঘ পথচলা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।