সাড়ে তিন মাস পর নিষেধাজ্ঞা প্রত্যাহার, দেশে আসছে ভারতীয় পেঁয়াজ - Southeast Asia Journal

সাড়ে তিন মাস পর নিষেধাজ্ঞা প্রত্যাহার, দেশে আসছে ভারতীয় পেঁয়াজ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দীর্ঘ সাড়ে তিন মাস পর ভারত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ায় দেশের স্থল বন্দরগুলোতে শুরু হচ্ছে পেঁয়াজ আমদানি। ২রা ডিসেম্বর শনিবার বিকেল নাগাদ পেঁয়াজবাহী ট্রাক দেশের বন্দরে আসার কথা রয়েছে বলে জানিয়েছেন আমদানিকারকরা।

হিলি স্থল বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরের ভারতীয় গেটে চারটি পেঁয়াজবাহী ট্রাকে ৮০ টন পেঁয়াজ নিয়ে অপেক্ষায় রয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষ হলে বিকেল নাগাদ শুরু হতে পারে আমদানি কার্যক্রম। এবার প্রতি টন পেঁয়াজ ২৭০ থেকে ৩০০ ডলারে এলসি করা হয়েছে বলে জানান সাতক্ষীরার ব্যবসায়িরা। একই অবস্থা বেনাপোলেও।

এদিকে, পেঁয়াজ আমদানির খবরে দেশের স্থল বন্দরগুলোতে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে ১০ থেকে ১৫ টাকা। শুক্রবার ঢাকার কারওয়ান বাজারে পুরনো পেঁয়াজ বিক্রি হয় ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে। অভ্যন্তরীণ বাজারে মূল্য বৃদ্ধি ও মজুদে ঘাটতির কারণে গত ১৪ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানিতে ওই নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত। ফলে বাংলাদেশের বাজারে হু হু করে বাড়তে থাকে পেঁয়াজের দাম, এক পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ ১৩০ টাকাতেও বিক্রি হয়। এই পরিস্থিতিতে গতবছরের মত মিয়ানমার, পাকিস্তান, চীন, মিশর, তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে নানা রঙের ও স্বাদের পেঁয়াজ আমদানি করে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে সরকার। পাশাপাশি ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার করে নেয় জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবির মাধ্যমেও ভর্তুকিতে খোলাবাজারে ও অনলাইনে পেঁয়াজ বিক্রি করা হয়। নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় দেশের বাজারেও এখন দাম কমতে শুরু করেছে। ভারত থেকে পেঁয়াজ এলে তা আরো কিছুটা কমবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

You may have missed