হাতিয়ায় ১৯২ ব্যারাক হাউস হস্তান্তর
![]()
নিউজ ডেস্ক
নোয়াখালীর হাতিয়া উপজেলায় গৃহহীন ও ছিন্নমূল মানুষের জন্য নির্মিত ১৯২টি পাকা ব্যারাক হাউস হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী। বুধবার (২৪ মে) স্থানীয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে এই হাউস হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ দিকনির্দেশনায় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এই ব্যারাক হাউসগুলো নির্মাণ করে নৌবাহিনী। প্রতিটি ব্যারাকে পাঁচটি করে মোট ৯৬০টি ইউনিট রয়েছে, যেখানে প্রতিটিতে একটি করে পরিবার থাকতে পারবে। প্রতিটি ব্যারাকে পৃথক রান্নাঘর ও বাথরুমের সুবিধা রয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের প্রতিনিধি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরু আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর নির্মিত আবাসন ব্যারাকগুলো বুঝে নেন। এ সময় নৌবাহিনীর প্রতিনিধি কমান্ডার এস এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বাগেরহাট, ভোলা, পিরোজপুর, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, চট্টগ্রাম, নোয়াখালী ও কক্সবাজার জেলায় মোট ২২৪টি প্রকল্পে ৪ হাজার ২১৭টি ব্যারাক হাউস নির্মাণ শেষে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করে নৌবাহিনী। এসব ব্যারাকে আশ্রয় পেয়েছে ৩২ হাজার ৪৪৫টি গৃহহীন পরিবার। এ ছাড়া বর্তমানে কমান্ডার খুলনা নৌ অঞ্চল আওতায় ১৫২ ব্যারাক নির্মাণ কাজ চলমান রয়েছে, যা শেষ হলে আরও ৭৬০ ভূমিহীন পরিবারের বাসস্থান নিশ্চিত হবে।