সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় নিহত ৪০
![]()
নিউজ ডেস্ক
সুদানের মধ্যাঞ্চলীয় একটি গ্রামে আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় কমপক্ষে ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
গত রবিবার (১৫ সেপ্টেম্বর) এই হামলা হয়। বেসরকারি গ্রুপ আবু গৌতা প্রতিরোধ কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, সুদানের ‘গেজিরা রাজ্যের আবু গৌতা এলাকার গৌজ আল-নাকা গ্রামে আরএসএফের হামলায় কমপক্ষে ৪০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।’
এতে আরও বলা হয়, গ্রামে বেশ কয়েকটি মরদেহ পড়ে রয়েছে, কারণ ওই হামলার সময় গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়া লোকজনকে লাশগুলো দাফন করতে ফিরে আসতে বাধা দিচ্ছে আরএসএফ।
কমিটি স্থানীয় বাসিন্দাদের গ্রামে প্রবেশ করতে এবং লাশগুলো দাফন করার সুযোগ দিতে সুশীল সমাজের বিভিন্ন সংগঠনকে আরএসএফের উপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে।
তবে, আরএসএফ এ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) রাজ্যের রাজধানী ওয়াদ মাদানি থেকে প্রত্যাহার করার পর আরএসএফ ২০২৩ সালের ডিসেম্বরে গেজিরা রাজ্যের নিয়ন্ত্রণ নেয়।
২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে সুদানে এসএএফ এবং আরএসএফের মধ্যে সহিংস সংঘাত ছড়িয়ে পড়ে এবং তাদের মধ্যে সংঘর্ষের ফলে দেশটিতে কমপক্ষে ১৬ হাজার ৬৫০ জন প্রাণ হারিয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।