বরকলের দুর্গম পাহাড়ে মানবিক সহায়তা, অসুস্থ চাকমা পরিবারে পাশে দাঁড়াল বিজিবি

বরকলের দুর্গম পাহাড়ে মানবিক সহায়তা, অসুস্থ চাকমা পরিবারে পাশে দাঁড়াল বিজিবি

বরকলের দুর্গম পাহাড়ে মানবিক সহায়তা, অসুস্থ চাকমা পরিবারে পাশে দাঁড়াল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকা ছোট হরিনার মাস্টার পাড়া গ্রামের গুরুতর অসুস্থ বাসিন্দা শান্তি প্রিয় চাকমার পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছোট হরিনা জোনের (১২ বিজিবি) উদ্যোগে অসহায় পরিবারটির হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।

বিজিবি সূত্র জানায়, মাস্টার পাড়ার বাসিন্দা শান্তি প্রিয় চাকমা হেপাটাইটিস ‘বি’ রোগে আক্রান্ত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার দীর্ঘমেয়াদি অসুস্থতায় পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।

এমন মানবিক পরিস্থিতিতে সীমান্ত এলাকার সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ছোট হরিনা জোন ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ায়।

আজ রোববার (১৮ জানুয়ারি) ছোট হরিনা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী অসুস্থ শান্তি প্রিয় চাকমার পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেন এবং পরিবারের সার্বিক খোঁজখবর নেন।

এসময় জোন অধিনায়ক বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা রক্ষার দায়িত্বই পালন করে না, মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোও তাদের নৈতিক কর্তব্য।

তিনি জানান, শান্তি প্রিয় চাকমার চিকিৎসার প্রয়োজনে পর্যায়ক্রমে আরও সহযোগিতা দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হবে।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন ১২ বিজিবির সহকারী পরিচালক মো. মাসুদ রানা, স্থানীয় হেডম্যান, কার্বারি, ইউনিয়ন পরিষদ সদস্য, বাজার কমিটির সভাপতি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। রোগীর পক্ষে অনুদান গ্রহণ করেন তার স্ত্রী মানেকা চাকমা।

প্রসঙ্গত, সীমান্তবর্তী দুর্গম এলাকায় বিজিবির এমন মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সম্প্রীতি জোরদার করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।