দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের শীতবস্ত্র বিতরণ
![]()
নিউজ ডেস্ক
পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলার আলীকদম সেনা জোনের উদ্যোগে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম কমলাবাগান এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে তিনটি পাহাড়ি পাড়ায় বসবাসরত মোট ১০০টি অসচ্ছল পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।

আলীকদম সেনা জোনের আওতাধীন কমলাবাগান এলাকার মার্মা, চাকমা ও ত্রিপুরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত পাড়াগুলোতে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক।

অনুষ্ঠানের শুরুতে স্থানীয় জনগণ ফুলের মালা দিয়ে জোন অধিনায়ককে বরণ করে নেয়। এ সময় স্থানীয়দের উদ্যোগে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এলাকাবাসী সেনা জোনের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতি ও সহায়তার ফলে দুর্গম এই পাহাড়ি এলাকায় তারা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন।

শীতবস্ত্র বিতরণকালে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক বলেন, পাহাড়ি এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে আলীকদম সেনা জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
তিনি পাহাড়ি অঞ্চলে স্থায়ী শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন এবং যেকোনো সন্ত্রাসী ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার আহ্বান জানান।

একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশ সেনাবাহিনী অতীতে যেমন জনগণের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে।
প্রসঙ্গত, দুর্গম পাহাড়ি জনপদে শীত মৌসুমে এ ধরনের মানবিক সহায়তা স্থানীয় জনগণের জীবনযাত্রা স্বস্তিদায়ক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।