অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বাঘাইছড়িতে বিজিবির মহড়া
![]()
নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে রাঙামাটির বাঘাইছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে পরিস্থিতিগত প্রশিক্ষণ অনুশীলন (এসটিএক্স) অনুষ্ঠিত হয়েছে।
সদর দপ্তর বিজিবির নির্দেশনায় মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় এ মহড়া আয়োজন করা হয়।

সকালে মারিশ্যা জোন সদর প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত মহড়া অনুশীলনে নেতৃত্ব দেন মারিশ্যা জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।
এ সময় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, দলগত সমন্বয় এবং অংশগ্রহণকারী সদস্যদের পেশাগত দক্ষতা বাস্তব পরিবেশে যাচাই করা হয়।

পরিস্থিতিগত প্রশিক্ষণ অনুশীলনে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অফিসার, জুনিয়র কর্মকর্তা, পদবীধারীসহ বিভিন্ন স্তরের সদস্যরা অংশ নেন। মহড়ায় নির্বাচনকালীন সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও সমন্বিত কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
মহড়া শেষে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, বিজিবি দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।
প্রসঙ্গত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পাহাড়ি অঞ্চলে বিজিবির এ ধরনের প্রশিক্ষণ ও মহড়া নির্বাচনী পরিবেশকে নিরাপদ ও স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।