পানছড়িতে বিজিবির মানবিক সহায়তা: সোলার প্যানেল ও শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়িতে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে বিজিবির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।
বুধবার (২১ জানুয়ারি) পানছড়ি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় একটি মাদ্রাসা এবং ছয়টি গরিব ও অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়। একই সঙ্গে দুইজন মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ বর্ডার গার্ড নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, দুর্গম পার্বত্য এলাকায় বিদ্যুৎ সুবিধা সীমিত হওয়ায় সোলার প্যানেল স্থানীয় জনগণের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করতে সহায়ক ভূমিকা রাখবে।
এ সময় সহায়তা পাওয়া পরিবার ও শিক্ষার্থীরা বিজিবির এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ সহায়তা তাদের জীবনমান উন্নয়ন এবং শিক্ষাজীবন অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এলাকাবাসীর মতে, বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ পার্বত্য এলাকায় শান্তি, উন্নয়ন ও পারস্পরিক আস্থার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে কাজ করছে।
প্রসঙ্গত, দুর্গম পাহাড়ি জনপদে শিক্ষা ও বিদ্যুৎ সুবিধা সম্প্রসারণে এমন মানবিক কার্যক্রম স্থানীয় জনগণের দীর্ঘদিনের চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।