নির্বাচনী দায়িত্বে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার আহ্বান: সেনাসদরে প্রধান উপদেষ্টার সঙ্গে সশস্ত্র বাহিনীর মতবিনিময়
![]()
নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে সেনাসদরে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৬ জানুয়ারি) সেনাসদরের হেলমেট অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

সভাস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল এস এম কামরুল হাসান।
সভার শুরুতে সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় ও করমর্দনের মাধ্যমে পারস্পরিক আস্থা ও সমন্বয়ের বার্তা উঠে আসে।

মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন সংকটময় সময়ে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি দীর্ঘ সময় ধরে ধৈর্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় নির্বাচনকে সকলের জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সশস্ত্র বাহিনীর করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।
তিনি পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের পাশাপাশি আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন, যাতে জনগণের আস্থা অটুট থাকে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বিঘ্নে এগিয়ে যায়।

এ সময় নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি, প্রশাসনিক সহায়তা, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন সমসাময়িক ও কৌশলগত বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সংশ্লিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সশস্ত্র বাহিনীর প্রস্তুতি ও সরকারের সর্বোচ্চ পর্যায়ের এই মতবিনিময় সভা নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।