বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সামরিক সহযোগিতায় নতুন গতি: সফলভাবে সম্পন্ন হল ৯ম ল্যান্ড ফোর্সেস টকস
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সামরিক সহযোগিতা আরও সুসংহত করার লক্ষ্যে দুই দিনব্যাপী বাংলাদেশ–যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস (এলএফটি)–২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৬ ও ২৭ জানুয়ারি ঢাকা সেনানিবাসস্থ সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই বৈঠকের সমাপনী হয় ২৭ জানুয়ারি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই আলোচনা পর্বটি গত বছরের ৮–১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ৯ম ল্যান্ড ফোর্সেস টকসের পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত হয়। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কৌশলগত ও প্রশিক্ষণভিত্তিক বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

বাংলাদেশের পক্ষে ২২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের লেঃ কর্নেল মোহাম্মদ বদরুল হক।
অপরদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড (ইউএসএআরপিএসি)-এর নিরাপত্তা সহযোগিতা বিভাগের মেজর মাইকেল জেকব ওসটার।
উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ূন কবীর।

আলোচনায় উভয় পক্ষ সামরিক প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম ব্যবহারের দক্ষতা উন্নয়ন এবং কৌশলগত সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষভাবে যৌথ প্রশিক্ষণ ও মহড়া আয়োজন, প্রশিক্ষণ পদ্ধতিতে উদ্ভাবন এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও আঞ্চলিক নিরাপত্তা জোরদার, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সম্মিলিত প্রস্তুতি এবং বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির বিষয়েও উভয় পক্ষ একমত পোষণ করে। প্রতিনিধিরা ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রসঙ্গত, এর আগে সর্বশেষ ২০২৪ সালের অক্টোবর মাসে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র ৮ম ল্যান্ড ফোর্সেস টকস অনুষ্ঠিত হয়েছিল, যার ধারাবাহিকতায় এবারের বৈঠককে দুই দেশের সামরিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।