দুর্গম বড় মদকে নির্বাচনী প্রস্তুতি জোরদার: ভোটকেন্দ্র পরিদর্শনে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক
থানচির অতি দুর্গম বড় মদকে নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন সেনা কর্মকর্তারা।
![]()
নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সারাদেশে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োজিত রয়েছে। এরই ধারাবাহিকতায় বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার দুর্গম বড় মদক এলাকায় সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একদল সেনাসদস্য গত ২৩ জানুয়ারি ২০২৬ হতে অবস্থান করে নির্বাচনী নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।
নির্বাচন-পূর্ব প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনার উদ্দেশ্যে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর মোঃ আনোয়ারুল ইসলাম গত রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) বড় মদক এলাকা পরিদর্শনে যান।
এ সময় তিনি ওই এলাকার তিনটি দুর্গম ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপ-অধিনায়ক নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
একই সঙ্গে তিনি বড় মদক নির্বাচন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারসহ পুলিশ, আনসার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও পৃথক এক সভায় তিনি এলাকার পাড়ার কারবারী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন।
এ সময় একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি স্থানীয় জনগণকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

পরিদর্শন শেষে উপ-অধিনায়ক এলাকার দুস্থ ও অভাবগ্রস্ত জনগণের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন, যা স্থানীয়দের মধ্যে মানবিক সহানুভূতি ও আস্থার পরিবেশ সৃষ্টি করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ধরনের পরিদর্শন ও কার্যক্রমের মাধ্যমে নির্বাচন-পূর্ব প্রস্তুতি আরও সুসংহত হয়েছে এবং দুর্গম পাহাড়ি অঞ্চলের সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তাবোধ ও আস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে বড় মদকের মতো অতি দুর্গম এলাকাতেও একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা আরও দৃঢ় হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।